একটি বিতর্কিত জায়গায় রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর জগন্নাথের বিরুদ্ধে এই রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার জহরের কান্দি গ্রামে ২০১৯-২০ অর্থবছরের কাবিটা প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা নরেশ বিশ্বাসের বাড়ি থেকে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সামনের ব্রিজ পর্যন্ত অপ্রয়োজনীয় এই রাস্তা নির্মাণে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করেছে। বিতর্কিত এই রাস্তার কাজ বন্ধ করতে জমির মালিক রমেশ বিশ্বাস (৩৫) ও স্বপন অধিকারী বাদি হয়ে গোপালগঞ্জ আদালতে মামলা করেছেন।
মামলার বাদি রমেশ বিশ্বাস বলেন, দেশের উন্নয়ন হোক এটা আমিও চাই কিন্তু মেম্বর জগন্নাথ বিশ্বাস আমার জমি কেটে যে রাস্তাটা তৈরি করতেছে এটা কখনোই কারো উপকারে আসবে না। তাই আমি চাই অতি দ্রুত এই রাস্তার কাজ বন্ধ হোক।
আরেক বাদি স্বপন অধিকারী বলেন, জগন্নাথ মেম্বর আমাকে না জানিয়েই আমার জমি ও গাছ কেটে রাস্তা নির্মাণ করতেছে। আমি বাধা দিলে গেলে কাজ বন্ধ না করে উল্টো আমাকেই হুমকি দিতেছে। এমনকি আদালতের নোটিশ অমান্য করে রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগের বিষয়ে জগন্নাথ বিশ্বাসের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সকলের সাথে কথা বলেই এই রাস্তাটির স্কিম দিয়েছিলাম। এখন তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এই বিষয়ে কোটালীপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, সরকারি রাস্তা নির্মাণ করতে হলে জমির মালিকদের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে কোনো জমির মালিক তাদের জমি না দিতে চাইলে এবং আদালতে মামলা করলে মামলার কপি আমাদের কাছে পৌঁছানো মাত্রই ওই কাজ বন্ধ করে দেয়া হবে।
কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার কোনো সুযোগ নেই। যদি কেউ জোর করে কাজ করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কোটালীপাড়ায় বিতর্কিত জায়গায় রাস্তা নির্মাণের অভিযোগ
একটি বিতর্কিত জায়গায় রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর জগন্নাথের বিরুদ্ধে এই রাস্তা নির্মাণের অভিযোগ...



