মাগুরার সমগ্র মহম্মদপুর উপজেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহম্মদপুর উপজেলায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সমগ্র উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো। লকডাউন চলাকালে জরুরী পরিষেবা ছাড়া সকল যানচলাচল ও গণজমায়েত বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টার পর খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মকছেদুল মোমিন জানান, সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়। গত শনিবার সংগ্রহ করা সাতটি নমুনার মধ্যে ছয়টি পজিটিভ পাওয়া যায়। এছাড়া গত সপ্তাহে ২৩ জনের নমুনার নেয়া হলে তার ১২ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী ১৭৭ জন। যার মধ্যে সুস্থ্য আছে ১৬০ জন। এখন পর্যন্ত এ উপজেলায় ১৭ জন করোনা আক্রান্ত রোগি চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: কাজী আবু আহসান জানান, বর্তমানে হাসপাতালে একজন করোনা রোগি আছেন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।






