নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আগামী বুধবার কোম্পানীগঞ্জে অবরোধ ঘোষণা করেছেন।

সোমবার বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্তরে স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবরোধের নামে ২০০ অটোরিকশা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে তিনি এই অবরোধ ঘোষণা করেন।

লাইভে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য কাদের মির্জা বলেন, তারা গতকাল অবরোধের নামে ২০০ সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে এবং লুটপাট করছে। এটি এডিশনাল এসপি শামীম ও নতুন ওসির নেতৃত্ব হয়েছে। এটি কোনো অবরোধ নয়, এটি হচ্ছে ডাকাতি। এ সময় তিনি সিএনজিড্রাইভারদের আক্রমণকারীদের গ্রেফতার ও ক্ষতিপূরণ দাবি করেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু নিজের ফেসবুকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে পরবর্তী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দেন।

কাদের মির্জার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা বাদলের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এই অবরোধ ডাকা হয়। তবে বাদলের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মিজানুর রহমান বাদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী। আর আবদুল কাদের মির্জা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র।

এর আগে, গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশ্যে বসুরহাট হয়ে রওনা করেন। যাত্রা পথে বসুরহাট বাজারের প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে কাদের মির্জা তার ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে বাজার পরিদর্শন করে আসার পথে বাদলের গাড়ির মুখোমুখি হয়। এ সময় কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারী কেচ্ছা রাসেল, ডাকাত মাসুদ, খান, শিহাব, সজল, আরিফ, ওয়াসিমসহ ৪০ থেকে ৫০ জন অনুসারী মিজানুর রহমান বাদলের গাড়ির গতি রোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মঞ্জু অভিযোগ করেন, হামলাকারীরা বাদলের গাড়ির গতি রোধ করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে তার হাত-মাথা ফাটিয়ে দেয়, পা ও বুকের হাড় ভেঙ্গে দেয় এবং কানে গুরুত্বর জখম করে। তবে এ বিষয়ে কাদের মির্জার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে দাবি করেন বাদলের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত।