পাবনার সাঁথিয়ায় উপজেলার বনগ্রামে আত্রাই নদীর উপরে ২০২০-২১ অর্থবছরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু ও সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে গেছে। মালবাহী ট্রাক উল্টে বসতবাড়িতে পড়ে দুটি বাড়ি ও আসবাবপত্র ভাঙচুর হয়েছে। এতে ঘরে থাকা শিশুসহ দুই নারী আহত হয়েছে। জানা যায়, বনগ্রাম হাটের যানজট মুক্ত করতে হাটের পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাই নদীর উপর চলতি অর্থবছরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করে এলজিইডি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সংযোগ সড়ক ধসে গেছে।
জানা যায়, গত সোমবার সকাল ৯টার দিকে ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে একটি ট্রাক (যার নম্বর পাবনা-ট-১১-০৭১১) বসতবাড়ির উপরে উল্টে যায়। এ সময় বিকট শব্দে রমজান আলী শেখ ও মাজেদা খাতুনের বাড়ির দুইটি টিনের ঘর দুমড়েমুচড়ে যায়। নষ্ট হয় আসবাবপত্র।
এ ঘটনায় স্থানীয়রা ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করছে। তাদের দাবি কাজের প্রথম থেকেই সেতু ও সংযোগ সড়ক নির্মাণে তারা অনিয়মের অভিযোগ করে আসছিল।
সাঁথিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল হাশেমকে ফোনে পাওয়া যায়নি। তিনি সাঁথিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় সোমবার অফিসে আসেননি।