ঢাকার আশুলিয়ায় দেয়াল ভেঙে পারভীন আক্তার প্রিয়া (২৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া শিমুলতলা এলাকায় কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার প্রিয়া কুড়িগ্রামের বুরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকার রতন খাঁর ভাড়া বাড়িতে থেকে প্রাইম ক্যাপ (বিডি) লিমিটেডে নামের একটি কারখানায় চাকরি করতেন।

এলাকাবাসী জানায়, তারা সকালে ঘুমিয়েছিল, কিন্তু অনেক বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। শফিউল্লা পুলিশ নামের এক ব্যক্তির পাঁচতলা বাড়ির সীমানা প্রাচীর ঘেষে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের অধিক মাত্রাই ইট-বালি রাখার ফলে দেয়াল ধসে পড়ে। এ সময় ওই নারী কারখানায় যাওয়ার পথে বাউন্ডারির মধ্যে চাপা পড়েন। পরে সেখান থাকা ট্রাক ড্রাইভার ও ম্যানেজার পারভীন আক্তার প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক তানিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পারভীন আক্তার প্রিয়া দেয়ালের নিচে চাপা পড়াই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা কিংবা ময়নাতদন্ত করবে না। লাশ তারা বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক।