কুষ্টিয়ায় করোনাভাইরাস সংক্রমণের হার না কমলেও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন করোনা রোগী মারা গেছে। এর আগের দুদিনে অর্থাৎ গত শনি ও রোববার মোট ১৭ জন রোগী মারা যায়। তবে জেলায় করোনা সংক্রমণের হার আগের মতোই আছে।

সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রেস রিলিজ অনুযায়ী ২৪ ঘণ্টায় জেলায় ৩২৩টি নমুনা পরীক্ষা করে ১১৯ জন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ শতাংশ।

নতুন রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৩৯ জন, কুমারখালী উপজেলায় ২৫ জন, মিরপুর উপজেলায় ২০ জন, দৌলতপুরে ১৪ জন, খোকসা উপজেলায় ১২ জন ও ভেড়ামারা উপজেলায় ৯ জন শনাক্ত হয়েছে।

এনিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯৮৫ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন জন ১৬৬ জন মানুষ।