বরিশালের আগৈলঝাড়ায় হঠাৎ ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত চার দিনে ১৬ জন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়াও আউডডোরে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। কখনো ঠাণ্ডা আবার কখনো গরম এমন বৈরী আবহাওয়ার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বখতিয়ার আল মামুন বলেন, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য প্রতি বছর এ সময়টিতে আলাদা প্রস্তুতি থাকে স্বাস্থ্য বিভাগের। তবে বর্তমান সময়ে বিগত দিনের থেকে আক্রান্তের সংখ্যা একটু বেশি। চলতি মাসের শুরু থেকে করোনার পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে সবাইকে নিরাপদ খাবার গ্রহণ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য সব ধরনের ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির সাথে সাথেই সব ধরনের ওষুধ পাচ্ছেন। তিনি আরো জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য বিশেষ করে দিনে গরম, রাতে শীত এবং নিরাপদ খাবার গ্রহণ না করার কারণেই ডায়রিয়া দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে। এ সময়ে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি। সেই সাথে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্ম দেন তিনি।