লাকসামে পিকআপ-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে লিপি আক্তার নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর ছেলে ও সিএনজি চালকসহ চারজন আহত হয়েছেন।

উপজেলার লাকসাম-নাঙ্গলকোট রোডের আমদুয়ার নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আমদুয়ার এলাকার কাজী আমিরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে লাকসাম থেকে নাঙ্গলকোটগামী নম্বরবিহীন একটি পিকআপের সাথে নাঙ্গলকোট থেকে লাকসামগামী সিএনজি চালিত অটোরিকশার (কুমিল্লা-থ-১২-১০৯২) সংঘর্ষ হয়। এতে চালক ও চার যাত্রী আহত হয়। পিকআপটি বেপরোয়া গতিতে চলছিল। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সিএনজি যাত্রী লিপি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান। ওই নারীর ছেলে সায়েমের (২) অবস্থাও আশঙ্কাজনক। সিএনজি চালক নুরুল ইসলাম নাহিদসহ অপর দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নিহত লিপি আক্তারের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপদুয়া বড়তলা রোডে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে লাকসাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার আহতদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।