ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: সেলিমুদ্দোজা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদসহ থানা পুলিশের একটি দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। ডগস্কোয়াড নিয়ে পরিচালিত অভিযানে শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের শামছুল হকের ছেলে মো: মাহবুবুল হকের (৫৮) ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ১ বছর ৬ মাস কারাদণ্ড দেয়া হয়।
মাহবুবুল হক শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলে জানা গেছে।
এদিকে একইদিন একই ইউনিয়নের জয়পুর গ্রামের রুহুল আমিনের ছেলে কামরুল হোসেন ও মো: শিবলুর ঘরে তল্লাশী করে ১৭৯ পিস ইয়াবা উদ্ধার করে ও মাদক বিক্রির প্রায় ২০ হাজার টাকা জব্দ করা হয়। এসময় কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা (২৫) এবং মো: শিবলুকে (২১) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো: মোজাম্মেল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, ডগস্কোয়াডের সহযোগিতা নিয়ে জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






