হাটহাজারীতে মিলাদুন্নবী ওরফে মিল্লাদ (৩৮) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর লালিয়ারহাটের পশ্চিমে হঠাৎ পাড়ার বালির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মিল্লাদ স্বন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। নিজ বাড়ি স্বন্দ্বীপ হলেও দীর্ঘ ২৭ বছর ধরে পরিবার নিয়ে ওই এলাকার শান্তি কলোনিতে বসবাস করেন। এক সময় বিআরটিসি’র বাস চালালেও বর্তমানে চট্টগ্রাম বন্দরের ট্রাকচালাতেন মিল্লাত।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ঘর থেকে বের হয়। বিকেলে স্থানীয়রা হঠাৎ পাড়ার নির্জন এলাকা বালির মাঠে তার লাশ দেখতে পায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠায়।

পুলিশ জানায়, তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কি জন্য বা কারা খুন করেছে জানা যায়নি।

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাৎ হোসেন, ওসি (তদন্ত) রাজীব শর্মা।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাৎ হোসেন বলেন, জুয়া কিংবা আড্ডা দেয়ার সময় কোনো কারণে কেউ তাকে ছুরিকাঘাত করে খুন করতে পারে। তবে তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।