বরগুনার বেতাগীতে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টাসহ শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টাকারীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হয়েছে।
এ দিকে ওই ঘটনায় বেতাগী থানায় মামলা দায়েরের পর গা ঢাকা দিয়েছে উত্যক্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দেয়া শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের গেট সংলগ্ন স্থানে ছয় যুবক তার পথরোধ করে। এ সময় তাকে টেনে বিদ্যালয় ভবনের পাশে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদের পিছনে নিয়ে যায়। পরে উত্যক্তকারীদের কেউ কেউ তাকে ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের মধ্যে কেউ এই ভিডিও ধারণ করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সবাই পালিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন জোমাদ্দার, বাপ্পি তালুকদার, ইমরান, রনি, আসলাম, ইব্রাহিম হাওলাদার এ ঘটনা ঘটিয়েছে।
গত ২৫ জুন ঘটনার সাথে সম্পৃক্ত ছয়জনকে আসামি করে ভুক্তভোগীর বাবা জালাল হাওলাদার বেতাগী থানায় মামলা করেন। ভুক্তভোগীর বাবা জালাল হাওলাদার জানান, ‘প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যেতে চেয়েছি। কিন্তু যখন সবার ফোনে ফোনে মেয়ের ভিডিও দেখতে পাই তখন আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতাও মিলেছে। অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’






