জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে বন্ধের দেড় মাস পর মঙ্গলবার থেকে ফের পাথর আমদানি শুরু হচ্ছে। তবে কিছু শর্ত মেনে চলতে হবে দুই দেশের আমদানি-রফতানিকারকদের।
ভারতীয় চালকদের করোনার নেগেটিভ রিপোর্ট সাথে রাখা, অবাধে চলাফেরা না করা, ট্রাক থেকে না নামা, ট্রাকে স্প্রে করা, মেডিক্যাল টিমের পরামর্শক্রমে কাজ করাসহ বেশ কিছু শর্ত মেনেই আমদানি করা করতে হবে।
পাথর আমদানি চালু উপলক্ষে আমদানি রফতানিকারক প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সাথে একটি প্রস্তুতি সভা করেন উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রতাপ নন্দী জানান, ভারত থেকে যেসব ট্রাকচালক আসবে আমাদের মেডিক্যাল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করবে।