সীতাকুণ্ডে স্বামীকে তালাক দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী। সোমবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। উপজেলার ফকিরহাট উকিল পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম পেয়ারু বেগম (৩৫)। স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পরে স্বামী ওমর শরীফও (৪৫) নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে স্বামী ওমর শরীফের সাথে স্ত্রী পেয়ারু বেগমের মধ্যে বনিবনা না হওয়ায় আলাদা বসবাস করছিলেন। সম্প্রতি স্ত্রী পিয়ারু বেগম স্বামী ওমর শরীফকে কোট থেকে তালাকনামা পাঠান। রোববার সকালে এ তালাকনামা নিয়েও তাদের মধ্যে আবারো ঝগড়া হলে একপর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীর তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা পিয়ারু বেগমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর স্বামী ওমর শরীফও নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকাল ৮টার সময় স্ত্রী পিয়ারু বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০১৩ সালে এ দম্পত্তির বিয়ে হয়ে। তাদের ঘরে ছয় ও চার বছর বয়সী দুটি মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওমর শরীফ বর্তমানে চমেক হাসপাতালের চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হলে গ্রেফতার করা হবে।