মুন্সীগঞ্জের টংগীবাড়ী থেকে স্বপন সরকার (৪৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের দফতরির লাশ উদ্ধার করেছে টংগীবাড়ি থানা পুলিশ।

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ থেকে সোমবার বেলা ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি মুন্সীগঞ্জ সদর থানার সুধার চর গ্রামের পেমানন্দ সরকারের ছেলে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টংগীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ।

এ বিষয়ে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান আমি প্রতি দিনের ন্যায় আজও বিদ্যালয়ে আসি প্রতি দিন দফতরিই তালা খোলে কিন্তু আজ দেখি তালা মারা। পরে আমি তালা খুলে রুমে প্রবেশ করি তার পর ওর রুমে গিয়ে দেখি ফ্যান চলতেছে। তারপর ডাকাডাকি করলেও তিনি ওঠেনি। পরে আমি বিদ্যালয়ের পাশের দোকানদারকে ডাক দিয়ে পুলিশকে খবর দেই। স্বপন সরকার রাতে বিদ্যালয়ের ওই কক্ষেই থাকতেন। মৃত স্বপন সরকারের স্ত্রী একজন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার দুই ছেলে রয়েছে।

এ বিষয়ে স্বপন সরকারের স্ত্রীর ভাই রিপন হালদার (৩৮) জানান, আমাদের আমার বোনের স্বামী স্বপন সরকার ডায়াবেটিসের রোগী ছিলেন। হয়ত তার রক্তের সুগার নিল হয়ে গিয়েছিল অথবা তিনি স্ট্রোক করে
মারা গিয়েছেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, দফতরির লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভুইয়া জানান, এ ঘটনা আমার জানা নেই। আপনাদের মাধ্যমে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখবো।