ফেনীর পরশুরামে বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া এলাকায় বাবার বাড়ি থেকে আম-কাঁঠাল কম দেয়ায় গৃহবধূকে নির্যাতন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সাতকুচিয়া এলাকার আবুল কাশেম ভেন্ডারের ছেলে এয়াকুবের (৩৫) সাথে উত্তর চন্দনা গ্রামের ফারজানা আক্তার সুমির বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান আছে।

গত রোববার এয়াকুবের শ্বশুর বাড়ি থেকে আম-কাঁঠাল পাঠানো হলেও পরিমাণে কম দেয়ায় স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী এয়াকুব। ইট দিয়ে ফারজানার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন ফারজানা অভিযোগ করেন, তার স্বামী নেশাগ্রস্ত। আগেও চারলাখ টাকা যৌতুক নিয়েছে। এমনকি তুচ্ছ কারণে তাকে মারধর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: রোকসানা সুরাইয়া জানান, ফারজানার শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন আছে।

এদিকে থানা সূত্র জানা যায়, এ ঘটনায় পুলিশ নির্যাতিত গৃহবধূর স্বামী এয়াকুব ও শশুর আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।