বগুড়া সদরের করতোয়া নদী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির হাত-বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যা ৭টায় লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশের ধারণা সোমবার কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয়রা লাশটি করতোয়া নদীতে ভাসতে দেখে জাতীয় পরিসেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানায়।
লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। তবে তার দু’হাত বাঁধা ছিল। স্থানীয়রা কেউ লাশটি চিনতে পারেননি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।






