কঠোর লকডাউনে দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকায় ফাঁকা হয়ে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। পণ্যবাহী যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় থাকতে হয়নি। পণ্যবাহী ও জরুরি সেবার যানবাহন নদী পারের অপেক্ষায় যাত্রী ও চালকদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি।

দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকা ফাঁকা রয়েছে। এ নৌ রুটে ৯টি রোরো ফেরি ও ৭টি ইউটিলিটি ফেরি চলাচল করছে।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সেপেক্টর মো: জহুরুল হক বলেন, কাঁচামাল বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাট এখন ফাঁকা।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (এজিএম) মো: ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে। এতে ঘাটের উপর কোনো চাপ নেই। তবে সকাল থেকেই বৃষ্টি রয়েছে। নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।