নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিলি (৪০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌড়সভার দাইরাদী গ্রামের হাজী মজিবুরের একটি দোচালা টিনের ঘর থেকে গৃহকর্মীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। লিলি ওই গ্রামের আ: রহিমের স্ত্রী।

লিলির মা জানান, তিনি দীর্ঘ দিন হাজী মজিবুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছেন। আমরা বৃহস্পতিবার সকালে শুনতে পাই লিলি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে এসে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালিকের ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে। তবে ঝুলন্ত অবস্থায় লিলির পাঁ খাটের সাথে লেগেছিল।

স্থানীয়রা জানান, দু’বছর আগেও হাজী মজিবুরের বাসার টয়লেটের ভেতর থেকে আরেক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ।

ওই বাসায় দুই গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মনে নানা গুঞ্জুন শুরু হয়েছে। তারা পুলিশের সামনে ক্ষোভ জানিয়ে বলেন, এ মৃত্যুর আসল রহস্য উদঘাটন করার জন্য।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুঞ্জুরুল মোর্শেদ জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে, মৃত্যুর আসল রহস্য বের করার জন্য লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।