কুড়িগ্রামের উলিপুরে দুই শারীরিক প্রতিবন্ধীর কাছে থেকে উৎকোচ নিয়েও তাদেরকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ না দেয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার (তহশিলদার) বিরুদ্ধে। দুই শারীরিক প্রতিবন্ধী ভিক্ষা করে ও সাহায্যের বাছুর বিক্রি করে একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আশায় ২৫ হাজার টাকা প্রদান করেছিলেন তহশিলদারকে। পরে অনেক ঘুরেও গৃহ বরাদ্দ না পেয়ে প্রতারণা শিকার ওই দুই প্রতিবন্ধী সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাসুদ রানা প্রতিটি গৃহের জন্য ২০ হাজার টাকা করে দাবি করেন। টাকার কথা কাউকে বলতে নিষেধ করেন তিনি। দু’জন মিলে ২৫ হাজার টাকা দেয়ার পর বুঝতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ রানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দুই প্রতিবন্ধীকে বুঝিয়েছি তারা পরের কিস্তিতে ঘর পাবেন। কিন্তু ধৈর্য নেই তাদের। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ভিন্ন জেলার বাসিন্দা গৃহ নং-৫ এবং ভিন্ন উপজেলার বাসিন্দা গৃহ নং-৩ ও ৬ কিভাবে পেলেন জানতে চাইলে বলেন, বাছাই কমিটির আমি একজন মেম্বার মাত্র। এসিল্যান্ড, ইউপি চেয়ারম্যানসহ আরো অনেকে আছেন। চেয়ারম্যান নাগরিক সনদ প্রদান করেন স্থানীয় হিসেবে। সেভাবেই তারা ঘর পেয়েছে। এ ব্যাপারে ইউএনও নূর-এ-জান্নাত রুমি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উলিপুরে টাকা দিয়েও সরকারি ঘর পাননি ২ প্রতিবন্ধী
কুড়িগ্রামের উলিপুরে দুই শারীরিক প্রতিবন্ধীর কাছে থেকে উৎকোচ নিয়েও তাদেরকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ না দেয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার (তহশিলদার) বিরুদ্ধে।...



