দেশব্যাপী চলমান কঠোর লকডাউনেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে গাড়িচাপায় মো: আনিসুজ্জামান (৫২) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার চাটমোহর থানার বালিয়া গ্রামের মরহুম জাবেদ আলী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর মোল্লা পাম্প এলাকায় ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। মো: আনিসুজ্জামান মোটরসাইকেলে করে হেমায়েতপুর থেকে সাভারের নবীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামীর একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার এএসআই মো: এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি অজ্ঞাত গাড়িচাপায় মারা যান। লাশটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।






