কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নয় বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীর লাশ উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাবাকে ব্রক্ষপুত্র নদীর তীরে খুঁজতে যায় মেয়েটি। এরপর থেকে ওই তাকেই খুঁজে পাচ্ছিল না পরিবার। অনেক খোঁজাখুঁজি শেষে ঘটনার সাড়ে চার ঘণ্টা পর শিশুটির লাশ একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের সুরাতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলা দায়ের ও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।