সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে আপন ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হলেন তোতা মিয়া (৫৫)। শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘা পরগনা বাজার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়ার বাড়ি উপজেলার বাঘা কান্দিগাঁও গ্রামে। তিনি মৃত আজগর আলীর ছেলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামি আটক হয়নি। তবে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে উপজেলার পল্লী অঞ্চলের বাঘা পরগনা বাজার চৌমুহনী এলাকায় নিহত তোতা মিয়ার দুই ছেলে তানিম আহমদ ও রাজিম আহমদ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজনকে সংঘবদ্ধ করে ধারালো অস্ত্র দিয়ে বাবা তোতা মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক তোতা মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।

সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনুর রশীদ চৌধুরী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাটানোর নির্দেশ দেন।

নিহত তোতা মিয়া ২ কন্যা ও ৩ ছেলেসহ ৫ সন্তানের জনক ছিলেন। সম্প্রতি নিহত তোতা মিয়ার স্ত্রী দিলারা বেগমের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং প্রায় দুই সপ্তাহ পূর্বে তিনি ফের অন্যত্র বিবাহ করেছেন। কি কারণে তোতা মিয়া নিজের ছেলেদের হাতে নির্মমভাবে খুন হলেন তা জানা যায়নি। এ ঘটনায় কোনো আসামি আটক করা হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

তোতা মিয়া নিহতের ঘটনা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর ফয়জুল করিম।