বগুড়ার শিবগঞ্জে রনি আকন্দ (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাত পর্যন্ত আটমুল ভাইয়েপুকুর সড়কের পাশে বসে বন্ধুদের সাথে আড্ডায় মাদক সেবনের সময় এ ঘটনা ঘটে।

রনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ছোট বেলঘড়িয়া কুলুপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত আটমুল ভাইয়েপুকুর সড়কের পাশে বসে বন্ধুদের সাথে আড্ডায় মাদক সেবন করে বাড়িতে ফেরার পর তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

খবর পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রনির পরিবারের দাবি, তাকে নেশা জাতীয় মাদক খাইয়ে হত্যা করা হতে পারে। পরিবারের লোকজন আরো জানান, নিহত রনির ৯ বছর বয়সের একটি ছেলে সন্তান আছে। তার স্ত্রীর সাথে ওই গ্রামের রঙ্গিলা নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শ্রী নিখিল চন্দ্রসহ অনেকে জানিয়েছে, নিহত রনি আন্তঃজেলা অটোভ্যান, ইজিবাইক ছিনতাইসহ নানা বড় বড় অপরাধের সাথে জড়িত। রনি এলাকার প্রভাবশালী ছিনতাইকারী একটি সিন্ডিকেট চক্রের হয়ে দীর্ঘ দিন কাজ করতেন। যে কারণে তিনি বগুড়া ও জয়পুরহাটের কয়েকটি মামলায় দীর্ঘ দিন জেলহাজতে ছিলেন। রনি গত কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এলাকার বখাটেদের সাথে নিয়মিত মদ পান করতেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য রনির লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।