কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিরা (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। নিহত গৃহবধূ উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে।
মনিরার বাবা সিদ্দিক মন্ডল জানান, তিন বছর আগে বাটিকামারা তরুণ মোড়ের মনির হোসেনের ছেলে জনির সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত জামাই তার মেয়েকে নানাভাবে নির্যাতন করত। গত ২৮ জুন নির্যাতন সইতে না পেরে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সে সময় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আজ (শনিবার) সকালে সকলের অগোচরে হাসপাতাল স্টেশনের নিকটবর্তী স্থানে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরো বলেন, তার মেয়ের একটি শিশু সন্তান রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।






