পাবনার রামচন্দ্রপুর পূর্বশক্রতার জেরে সুমন প্রামানিক (৩৮) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার দুপুর ২টা দিকে সদরের দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুমন দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার মৃত বাকিবিল্লাহ প্রামানিকের ছেলে ও স্থানীয় বালু ব্যবসায়ী।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুমন প্রামাণিকের স্ত্রী প্রত্যক্ষদর্শী রিমা খাতুন বলেন, আমার স্বামী অনন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সময়ে একজন আমাকে বাড়ির ওপরে এসে বলে আমার স্বামী সুমনকে কারা যেনো মারছে। আমি দ্রুত সেখানে গিয়ে দেখি ওরা এলাকার আমাদের প্রতিবেশি টিটু, মিঠু, সঞ্জু, মান্না সকলের হাতে ধারালো অস্ত্র। তারা অস্ত্র দিয়ে আমার স্বামীকে মারছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারতে আসে। তাদের সাথে তাদের পরিবারের অন্যা সদস্যরাও ছিল। খুনিদের সম্পর্কে চাচা সেলিম ও মানিক সেখানে উপস্থিত ছিল। স্থানীয়রা আমার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তদন্ত করছি। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা হয়ে থাকতে পারে। হত্যাকারীদরে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।