ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর আরিফ হোসেন (৩২) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে আরিফের লাশ পৌরসভার মুন্নু কার্টন ফ্যাক্টরির পেছনের বিল থেকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আরিফ হোসেন ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।

নিহতের বাবা ও স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ট্রাকড্রাইভার। চার বছর ধরে নেশার সাথে জড়িত। গত মাসের ২৫ জুন শুক্রবার থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরো কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ধামরাই থানায় একটি জিডি করা হয়। আজ (শনিবার) পৌরসভার মুন্নু কার্টন ফ্যাক্টরির পেছনের বিল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা আব্দুল কাদের আরো বলেন, ৯ দিন আগে বাড়িগাও এলাকার এক লোক আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে আর আরিফকে খুঁজে পাওয়া যায়নি। মানিক নিজেও নেশার সাথে জড়িত। তিনি নেশা জাতীয় দ্রব্য খায় ও বিক্রি করে।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।