নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী থেকে পেটের সাথে মাটিভর্তি বস্তা বাঁধা অবস্থায় রুবেল হোসেন রব্বেল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার তিরাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল তিরাইল গ্রামের আবু হানিফ শেখের ছেলে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও ইন্সপেক্টর আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজন ও থানা সূত্রে জানা যায়, রোববার ভোরে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকাল ১১টার দিকে স্থানীয়রা পাশের নদীতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।