বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সাংবাদিকেরা হচ্ছে জাতির বিবেক। অপসাংবাদিকতা দূর করতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আজ দেশে এক শ্রেণীর অপসাংবাদিক ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় মূল সাংবাদিকদের পেশাগত কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অপসাংবাদিকতা পরিহার করতে হবে এবং সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে তাদেরকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে।

রোববার বিকেল ৩টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম আনোয়ার তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি রতি লাল দাস, দৈনিক নয়া দিগন্তের ফরিদ উদ্দিন আহম্মদ রাশেদ, দৈনিক সমকালের মো: তবিবুর রহমান টিপু, দৈনিক মানবজমিনের নাজিম উদ্দিন খোকন, দৈনিক আমাদের সময়ের নুর আলম বিপ্লব, দৈনিক যুগান্তরের শরফুদ্দিন শাহীন, দৈনিক আজকের পত্রিকার আবদুল হালিম রকি, দৈনিক সময়ের আলোর রমজান আলী রানা, দৈনিক খবরপত্রের মো: সিরাজ উল্যাহ, নোয়াখালী প্রতিদিন নাছের উদ্দিন (বিডি) প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, রামপুরে চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শফি উল্যাহ।

এর আগে সকাল ১১টায় কোম্পানীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সাথে মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে রুদ্ধধার বৈঠক হয়।

গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নোয়াখালীর রাজনীতি নিয়ে মেয়র আবদুল কাদের মির্জার পৌরসভা কার্যালয়ে বৈঠক করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল। বৈঠকে নোয়াখালীর সমসাময়িক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়।