পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে মনিরা (১৯) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

সোমবার বিকেলে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী সাইদুল ইসলামকে নিয়ে মনিরা ঘটকের আন্দুয়া গ্রামে নানার বাড়িতে (বারেক মৃধার বাড়ি) বসবাস করত। নিহত মনিরা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঘটনার দিন সকালে বাড়ির সদস্যরা মনিরার মায়ের মৃত্যু উপলক্ষে মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায়। স্বামী-স্ত্রী দুপুরের খাবার খাওয়া শেষে শয়ন কক্ষে ঘুমানোর পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্বামী সাইদুল ইসলাম ঘুম থেকে উঠে ঘরের আড়ার সাথে ওড়না পেচাঁনো অবস্থায় স্ত্রী মনিরাকে ঝুলে থাকতে দেখেন।

এ সময় তার ডাক-চিৎকারে সবাই এগিয়ে এসে মনিরাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: নূরুল আমিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরার মা রহিমা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে মনিরা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা করেছে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো: শাহ-আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।