ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার কথিত ডক্টরস জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে এক ভুয়া চিকিৎসকসহ তার অপর দুই সহযোগীকে আটক করেছে র‍্যাব। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

সোমবার রাত সারে ৯টার দিকে চিকিৎসা নিতে আসা এক নারীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকার কথিত ওই হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চিকিৎসক পরিচয় দানকারী ও ব্যবস্থাপত্রে স্বাক্ষরকারী ভুয়া ডাক্তার কিশোরগঞ্জের হোসেনপুর থানার গলাচিপা গ্রামের শামছুল হকের ছেলে মনিরুল আলম সোহেল (৪০) ও তার সহকারী নওগার বদলগাছী থানার গোয়ালভিটা গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মনসুর রহমান (৩৭) এবং ঠাকুরগাওয়ের হরিপুর থানার কাঠালডাঙ্গী বাজার গ্রামের মকবুল ইসলামের মেয়ে মেরিনা আক্তার মেরী (২২) । এরা চিকিৎসার নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

জানা গেছে, ওই হাসপাতালে কোমর ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে যান গোলাপী আক্তার রুমী নামের এক নারী। হাসপাতালে ডাক্তার পরিচয় প্রদানকারীর কর্মকাণ্ড দেখে সন্দেহ হলে বাইরে এসে র‍্যাব-৪ এর টহল টিমকে বিষয়টি জানান তিনি। এরপর রাত সারে ৯টার দিকে র‍্যাব ৪ সিপিসি ১ এর টহল টিম হাসপাতালে যান। ঘটনার সত্যতা পেয়ে র‍্যাব ভুয়া ডাক্তার ও তার দুই সহযোগীকে আটক করে এবং নাম সম্বলিত প্যাড, মানি রিসিপ্ট এবং ভুয়া চিকিৎসক সোহেলের স্বাক্ষরিত প্রেসকিপশন জব্দ করেন। এ ঘটনায় রাতেই ওই নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

র‍্যাব ৪ সিপিসি ১ এর টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর রহমান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে ও ভুয়া ব্যবস্থাপত্রের বিনিময়ে টাকা আত্মসাৎ করে আসছিল। আসামীদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।