রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ভ্যানচালক চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ভ্যানচালকের নাম মুক্তার খাঁ (২২)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের বকু খাঁর ছেলে।
এ ব্যাপারে বকু খাঁ বাদি হয়ে গত ৫ জুলাই বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি নং ১৭৩ দায়ের করেছেন।
বকু খাঁ বলেন, আমার ছেলে মুক্তার খাঁ ২ বছর ধরে ভ্যান চালায়। গত ৪ জুলাই বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু অনেক রাত হওয়ার পরও বাড়িতে ফিরে না আসায় পাশের বাড়ি, আত্মীয়স্বজনের বাড়ি ও ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজখবর নেই। তার কোনো সন্ধান পাইনি।
মা জয়গুন বেগম বলেন, আমার ছেলে সাড়ে ৩ বছর আগে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় বিয়ে করে। বিয়ের পর তাদের একটি সন্তান হয়। সন্তান রেখে পুত্রবধূ তার বাবার বাড়িতে চলে যায়। এর আগে আমার ছেলেকে হত্যার হুমকি দেয়াসহ মোবাইল ও টাকাপয়সা কেড়ে নেয় শ্বশুরবাড়ির লোকজন। আমার ছেলে নিখোঁজ হওয়ার পর পুত্রবধূর বাড়িতে খোঁজ নিয়েছি। সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। আমি আমার ছেলের সন্ধান চাই।



