মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার সময় উপজেলা হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

মো: তুহিন একই এলাকার মো: হাবিবুল্লাহ ছেলে। তিনি কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা হাবিবুল্লাহ।

এলকাবাসী সুত্রে জানা যায়, নিহত তুহিন প্রায় পাঁচ বছর ধরে মোকলেসুর রহমান এর ডকইয়ার্ডের কাজ করে আসছিল। বৃহস্পতিবার সকালে তুহিন ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেয়ামত শুকরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পল্লীবিদ্যুতের ডিজিএম জহিরুল কবির জানান, ডকইয়ার্ডটি যেহেতু অবৈধ সেহেতু বিদ্যুতের লাইনটিও অবৈধ হবে। তবে নিহতের ঘটনাটি তিনি জানেন না। লোকপাঠিয়ে জানার পরে বিষয়টি তিনি জানাবেন।

এ বিষয়ে ডকইয়ার্ডের মালিক মোকলেসুর রহমান জানান, কিভাবে মারা গেছে তা আমার জানা নেই। ডকইয়ার্ডটি অনুমোদিত কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডকইয়ার্ডটি অনুমোদিত। পরে কথা বলতেছি বলে তিনি বিষয়টির কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইছ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু মৃত ব্যক্তির আত্মীয়ের কেউই মামলা করবে না সেহেতু পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু একটি মামলা হবে।