নারায়ণগঞ্জেরর রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার সেজান জুস কারখানার আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ১১০ জন কর্মীর প্রচেষ্টায় শুক্রবার বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। তবে সন্ধ্যা ৬টা ২০মিনেটেও ওই ভবনের বিভিন্ন জানালা থেকে আগুন বের হতে দেখা যায়।
এদিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মজিবুর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনে আমাদের ড্যাম্পিংয়ের কাজ চলছে। কাজ শেষ হলে আমরা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসছে বলে ঘোষণা করতে পারবো।
তিনি আরো জানান, এখন পর্যন্ত দুর্ঘটনায় আহত ২৫ জনকে কাছের ইউএস বাংলা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলে ৪৯ জন ও মেডিক্যালে তিনজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সাহায্যকারী সংস্থা হিসেবে পুলিশ, র্যাব, জেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার নিয়োজিত আছে বলেও জানান তিনি।
এর আগে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের আরেক উপ-পরিচালক দেবাশীষ বর্মন জানান, আগুন বেলা ৩টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরো জানান, দুপুর আড়াইটা পর্যন্ত এই কারখানায় আগুনের ঘটনায় ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভবনের চতুর্থ তলা থেকেই ৪৯টি লাখ উদ্ধার করা হয়।



