নিজেদের রেশন থেকে লকডাউনে অসহায়, কর্মহীন নারী-পুরুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি বিগ্রেড এই ত্রাণ বিতরণ করে।
খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল তিন কেজি চাল, দুই কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল ও দু’টি করে সাবান। বিধিনিষেধ চলাকালীন এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন দুস্থ, হতদরিদ্র, অসহায় ও কর্মহীন নারী-পুরুষ। ত্রাণ বিতরণ শেষে ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে হতদরিদ্রদের কথা বিবেচনা করে নিজেদের রেশন বাঁচিয়ে অসহায়-দুস্থদের চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে পাবনার বিভিন্ন উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।