চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে শাহনাজ বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১১ জুলাই শাহনাজ বেগম ও তার স্বামী শাহআলম নমুনা দেয়ার পর ১২ জুলাই দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে। তারা দু’জন বাসাতেই ছিলেন।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে স্ত্রী শাহনাজ বেগম মারা যান।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাজেদা বেগম পলিন বলেন, তারা স্বামী-স্ত্রী দু’জনেই গতাকাল রোববার নমুনা দেয়ার পর সোমবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। হয়তো আরো আগে থেকেই তারা অসুস্থ ছিলেন।
তিনি বলেন, বর্তমানে চাঁদপুরে করোনা পরিস্থিতি খারাপ। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ জানান, শহরের মিশন রোডে দর্জি বাড়ির কাছে একটি বাড়িতে শাহ আলম করোনায় আক্রান্ত হন এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের দু’ছেলেই বিদেশে থাকেন। কাছের আত্মীয় তেমন কেউ নেই। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই এবং এ বিষয়ে জেলা প্রশাসক স্যারকে জানাই।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এ তথ্য জানতে পেরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স দিয়ে শাহ আলমকে সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করান। মৃত স্ত্রীর দাফনের ব্যবস্থা নেন।






