নোয়াখালীর সেনবাগে পৃথক স্থানে একটি শিশুকে (১১) ধর্ষণ ও আরেক শিশুকে (১১) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

গ্রেফতার নুরুল আমিন বাবু (৩২) উপজেলার বিজবাগ ইউনিয়নের মধ্য বিজবাগ গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির করিম উল্যার ছেলে।

মঙ্গলবার উপজেলার বিজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত আসামিকে আটক করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্কুলছাত্রী (১১) সকাল ৮টার দিকে মক্তব থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাড়ির পাশের নুরুল আমিনের সাথে রাস্তায় তার দেখা হয়। এ সময় নুরুল আমিন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে তুলে নিয়ে নিজ ঘরে ধর্ষণের চেষ্টা চালায়।

স্কুলছাত্রী চিৎকার করে দৌঁড়ে পালিয়ে গিয়ে তার মাকে বিষয়টি খুলে বলে।

অপরদিকে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের (১১) বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একই বাড়ির ওমর ফারুক (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

তিনি ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত তবারক আলীর ছেলে এবং পেশায় একজন অটোচালক।

মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং অভিযুক্ত ধর্ষক ওমর ফারুককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।