গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহমিদ (৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিদ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফমহদী গ্রামের ওয়ালিউর রহমান (মুছা) মিয়ার ছেলে এবং স্থানীয় কিশামত দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, তাহমিদ দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে আর ওঠেনি। পরে স্থানীয়রা খুঁজাখুঁজি করে পুকুর থেকে তাহমিদের লাশ উদ্ধার করে।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।






