ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গত শনিবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে জানানো হয়েছে মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো হয়েছিল। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯১ সাল থেকে দু’বার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে নবম সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা মার্কায় নির্বাচিত হন। এ ছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর শোক
বাসস জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।