করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নিঃসন্তান নারীর গোসলের জন্য যখন কাউকে পাওয়া যাচ্ছিল না তখন এগিয়ে গেলেন বগুড়া জেলার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে।

জানা যায়, মঙ্গলবার সোনাতলা উপজেলার কুশাহাটা গ্রামের করোনায় আক্রান্ত রিনা বেগমের (৫৫) অবস্থা গুরুতর হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মঙ্গলবার বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে এলে দাফনের গোসলের জন্য কেউ রাজি ছিল না।

এমন অবস্থায় এগিয়ে আসেন সোনাতলার ইউএনও সাদিয়া আফরিন। তিনি করোনায় আক্রান্ত মৃত রিনা বেগমকে গোসল করান।

পরে জানাজা শেষে রিনা বেগমকে দাফন করা হয়। জানাজায় ১৫ জন মুসল্লী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল।

সোনাতলা ইউএনও সাদিয়া আফরিন জানান, করোনায় মৃত নারীকে কেউ জানাজার জন্য গোসল করাতে রাজি ছিল না। তার কোনো সন্তানও নেই। এছাড়া তার স্বামীও করোনায় আক্রান্ত রয়েছেন। তখন আমি সেখানে গিয়ে গোসল করিয়ে দেই। এ কাজে আমাকে এক বৃদ্ধা সহযোগিতা করেছেন। মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়ানো উচিৎ।