কুড়িগ্রাম সদর উপজেলায় ভোগডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যের প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহত যুবকের মা ইউপি সদস্যকেও পিটিয়ে আহত করা হয়েছে। এসব অভিযোগে প্রতিবেশী মো: কাজল খান কাশেম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর গ্রামে সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদ হাসান (১৮) তিনি প্রতিবন্ধী বলে জানান এলাকাবাসী। ওই ঘটনায় আহত জাহিদ হাসানের মা অলিনা বেগম (৪৮) ভোগডাঙ্গা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। অভিযুক্ত কাশেম একই গ্রামের সাইফুল হকের ছেলে। কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় মহিলা কাউন্সিলর অলিনা বেগমের বাড়িতে এলাকার এক মহিলা ও তার মেয়ে ত্রাণ চাইতে আসেন। এরপর অলিনা বেগমের বাড়ির সামনে প্রতিবেশী কাশেমের বাড়িসংলগ্ন রাস্তার ওপর ওই দুইজনের সাথে অলিনা বেগমের কথাকাটাকাটি শুরু হয়। পূর্ব থেকে কাশেমের সাথে মেম্বার ছলিমার রাস্তা নিয়ে দ্বন্দ্ব ছিল। তাদের কথাকাটাকাটি শুনে কাশেম ধারণা করে রাস্তার দ্বন্দ্বের জের ধরে অলিনা বেগম তাকে ও তার পরিবারের লোকজনদের গালাগালি করছে।
এরপর কাশেম বাড়ি থেকে একটি ইউক্যালিপটাস গাছের ডাল নিয়ে এসে অলিনা বেগমের ওপর অতর্কিত হামলা করে। এতে অলিনা বেগমের মাথা, নাকে, পিঠে গুরুতর জখম হয়। এতে অলিনা বেগম মাটিতে পড়ে গেলে তাকে রক্ষার জন্য তার ছেলে জাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হলে কাশেম তার হাতে থাকা ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে জাহিদ হাসানের মাথা, বুক ও পিঠে এলোপাতাড়ি মারধর করে। এ সময় জাহিদের মাথার টিউমারে আঘাত লাগলে টিউমার ফেটে সে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা অলিনা ও তার ছেলে জাহিদকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০টার দিকে জাহিদ মারা যায়। গুরুতর আহত অলিনা বেগম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি খান মো: শাহরিয়ার জানান, ইতোমধ্যে মূল আসামি কাশেমকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কুড়িগ্রামে মহিলা ইউপি সদস্যের প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা
কুড়িগ্রাম সদর উপজেলায় ভোগডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যের প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহত যুবকের মা ইউপি সদস্যকেও পিটিয়ে আহত করা হয়েছে।...



