নোয়াখালী জেলা কারাগারে হত্যা মামলার আসামি আব্দুর রব ওরফে বাবলু ড্রাইভার (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আব্দুর রব বাবুল নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নিজের স্ত্রী তাহমিনা আক্তার মিনাকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালী জেলা কারাগারের তত্ত্বাবধায় (সুপার) ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে বাবুল নোয়াখালী জেলা কারাগারে ছিলন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগের ইনসুলিন নিতেন। উচ্চমাত্রার ডায়াবেটিস অবস্থায় গত (২৮ জুন) প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদেকপুর গ্রামের ওয়ালী ভূঁইয়া বাড়িতে তাহমিনা আক্তার প্রকাশ মিনাকে (৫৫) গলা কেটে হত্যা করেন তার স্বামী আবদুর রব বাবুল।
স্থানীয়রা জানায়, ঘাতক আবদুর রব চার মাস আগে সৌদি থেকে দেশে এসে টাকা-পয়সার হিসাব নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে।






