সীতাকুণ্ডে দু’টি শিপব্রেকিং ইয়ার্ডে পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। উপজেলার ভাটিয়ারী জিরি সুবেদার ও মক্কা শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: মফিজ মিয়া নামে এ শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারী সমুদ্র উপকূলে অবস্থিত জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার ম্যান মফিজ (৪০) লোহার প্লেট কাটার সময় বুধবার দুপুরে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তখন সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মফিজের মৃত্যু হয়।

নিহত মফিজের গ্রামের বাড়ি বিবাড়িয়া জেলার নাছির নগর থানার বালাকোট এলাকায় বলে জানা গেছে। অপরদিকে উপজোলার মাদামবিবিরহাট মক্কা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মো: আব্দুল্লাহ ( ২৪) ওপর থেকে লোহার পাত পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চমেক হাসপাতালে মফিজের মৃত্যু হলে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।