নওগাঁর মান্দায় বিলের ধারের একটি গাছে জাম পাড়তে গিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে ফুফু ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউপি'র মাইদাকোলা বিলে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বড়পই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী আম্বিয়া বিবি (৪০) ও প্রসাদপুর ইউপি'র রফিকুল ইসলামের ছেলে রোমান (১০)। তারা ফুফু ও ভাতিজা। ছোটবেলা থেকে রোমান ফুফুর বাড়িতে থাকে।
স্থানীয়রা জানান, শিশু রোমান বৃহস্পতিবার বিকেলে বিলের ধারে একটি গাছে জাম পাড়ার জন্য যায়। এ সময় রোমান অসাবধানবশত বিলে মাছ পাহারার জন্য দেয়া বিদ্যুতের তারে হঠাৎ জড়িয়ে যায়। এটি দেখতে পেয়ে ফুফু আম্বিয়া বিবি ভাতিজা রোমানকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লার ছেলে মাহফুজুল হক মোল্লা মাইদাকোলা বিল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। বিলটি পাহারার জন্য লুজ তার দিয়ে পুরো বিলজুড়ে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয়া হয়। অবৈধ সেই সংযোগের তারে জড়িয়েই এ দুজনের মৃত্যু ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত মান্দা থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দুজনের লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।



