সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বিধিনিষেধ শিথিল করার দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজট ছিল। তবে দুপুরের পর স্বাভাবিক হয় যান চলাচল।
সকালে গাবতলী থেকে বের হয়ে সাভারের সীমানায় পা রাখতেই পথে পথে ভোগান্তি আর যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের। ঢাকা থেকে আরিচাগামী লেনে এ যানজটের ফলে গাবতলী এলাকা থেকে সাভার পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এছাড়া সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে নবীনগর-বাইপাইল পর্যন্ত পৌঁছতে সময় লাগে দেড় ঘণ্টা। সেই সাথে তীব্র গরমে দীর্ঘ গাড়িতে আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছে ঈদে ঘরে ফেরা যাত্রীরা।
এছাড়া গাবতলী পশুহাটের ফলে গরুরট্রাকের জন্য ঢাকামুখী লেনে থেমে থেমে সকালের পর থেকে যানবাহন চলছে। তবে দুপুরের পর থেকে ঢাকামুখী এবং আরিচামুখী দুই লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক আট লেন করার জন্য সড়ক ও জনপথ (সওজ) খোড়াখুড়ি এবং সাভার রেডিও কলোনি স্কুলমাঠে গরুহাটের কারণে মহাসড়ক থেকে গরুগুলো ট্রাকথেকে লামানোর সময় যানজটের সৃষ্টি হলে তার প্রভাব পুরো সড়কে পড়ছে।
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মো: বাদল হোসেন জানান-সকাল থেকে দুপুর পর্যন্ত আরিচাগামী লেনে তীব্রযানজট ছিল।
তিনি আরো জানান-ঢাকামুখী লেনে তেমন যানজট না থাকলেও রাজধানীতে ট্রাকে ট্রাকে গরু প্রবেশ করতে দেখা যাচ্ছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ করিম খান জানান- ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। এ জন্য সকালে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ছিল। দুপুরের পর থেকে স্বাভাবিক যান চলাচল করছে। কোনো যানজট নেই।






