পদ্মা নদীতে তীব্র স্রোতের টানে ধীর গতিতে ফেরি চলাচল করছে দৌলতদিয়ায়। ঢাকাগামী পশুবাহি ট্রাকের চাপে ফেরি ঘাটে সৃষ্টি হয়েছে পাঁচ কিলোমিটার যানজট। এতে দৌলতদিয়ায় আটকে আছে ছয় শতাধিক গাড়ি। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
শুক্রবার দুপুর ২টার দিকে দৌলতদিয়ার ঢাকা-খুলনা ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকে থাকতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও বাসসহ অন্তত চার শতাধিক যানবাহন। তীব্র গরমে ট্রাকে থাকা কোরবানির পশু অসুস্থ হতে দেখা গেছে।
সড়কে আটকে থাকা এক গুরু ব্যবসায়ী বলেন, গরম থেকে বাঁচাতে গরুকে হাত পাখা দিয়ে বাতাস করছি। অনেকের গরু ট্রাকে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে গরু অসুস্থ হলে আমাদের লোকসানে পড়তে হবে।
যাত্রীবাহী এক বাসচালক বলেন, এখন ঢাকামুখি যাত্রীদের চাপ কম। মূলত যাত্রী নিয়ে আসতে ঢাকায় আসছেন তারা। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় সময় মত পৌঁছাতে পারবো কি না জানি না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো: খোরশেদ আলম বলেন, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে। দৌলতদিয়ায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বর্তমানে রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।






