গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে তানিয়া (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

‍শুক্রবার গোবিন্দগঞ্জ পৌর শহরের বালিয়ামারী খলসীচাঁদপুর এলাকায় চড়পাড়া খেয়াঘাট সংলগ্ন করতোয়া নদীতে ডুবে ওই ছাত্রীর মৃত্যু হয়। তিনি উপজেলার তালুকরহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

জানা যায়, তানিয়া তার মামাতো বোনের বিয়ের দাওয়াতে দু’দিন আগে উপজেলার পৌর শহরের চড়পাড়া গ্রামের মামা বুলু মিয়ার বাড়িতে আসে।

দুপুরে পর তানিয়া তার দু’মামাতো বোনের সাথে মামার বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

এরপর স্থানীয় লোকজন ও গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে।

বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান নিশ্চিত করেছেন।