রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গরুবাহী ট্রাকে চাঁদাবাজি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। চাঁদাবাজির অভিযোগে মাসুদ রানা (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উত্তর দৌলতদিয়া নাসির সরদার পাড়া এলাকার ফজের ফকিরের ছেলে।
সূত্র জানায়, ট্রাক চালক গত ১৩ জুলাই দুপুরে ঝিনাইদহ থেকে গরু নিয়ে হেলপার জুয়েলকে সাথে নিয়ে ঢাকায় আসছিলেন। পথে দৌলতদিয়া ক্যানালঘাট নামক এলাকায় এসে পৌঁছালে ট্রাকে থাকা একটি গরু অসুস্থ হয়ে পড়ে। এ সময় ট্রাক থেকে গরু নামিয়ে সুস্থ করার সময় আসামি মাসুদ রানাসহ অজ্ঞাত তিন-চারজন এসে চার হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে আপত্তি করলে তারা ট্রাকের ওপর হামলা চালিয়ে ভাঙচুরসহ হেলপার জুয়েলকে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ট্রাক চালকের করা মামলায় গত বুধবার রাতে মাসুদকে গ্রেফতার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।