কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যাকারী ছেলে আনোয়ারুল কবির জন (৪৫) নামের এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ারুল কবির জন কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার মৃত বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল কবির মানিকের একমাত্র ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে কটিয়াদী পশ্চিমপাড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জন একাই বাসায় থাকতেন। তার অত্যাচারে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা মা, স্ত্রী ও দুই মেয়ে বাসায় থাকতে পারতেন না। শুক্রবার অনেক বেলা হওয়ার পরও তার কোনো সাড়াশব্দ না পেয়ে গ্রিলের তালা ভেঙে দরজা খুলে খাটে তার লাশ দেখা যায়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। চার বছর আগে আনোয়ারুল কবির জন তার বীর মুক্তিযোদ্ধা বাবা মীর এমদাদুল কবির মানিককে তার বসত ঘরে তালাবদ্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিলেন। এ ঘটনায় তিনি জেলও খেটেছেন। পরে জামিনে বের হয়ে আসে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, তালাবদ্ধ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।



