মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে শনিবার সকালে সোহাগ তালুকদার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত সোহাগ একই এলাকার সামসুল হক তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সামসুল হক তালুকদারের সাথে জমিজমা নিয়ে একই এলাকার আহাদ মোল্লার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে শনিবার সকালে সামসুল হক তালুকদারের ছেলে সোহাগকে লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এই ঘটনায় নিহতের বাবা সামসুল হক তালুকদার ৫ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা করেছে। ঘটনার পরই মামলার প্রধান আসামি আহাদ মোল্লাকে লাইসেন্স করা বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের বাবা সামসুল হক তালুকদার বলেন, আমাদের জমি ওরা দীর্ঘ দিন থেকে জবর দখল করে রেখেছিল। শনিবার সকাল আমার ছেলে জমিতে ধান লাগাতে গেলে তাকে লাইসেন্স করা বন্দুক দিয়ে আহাদ মোল্লা গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, ‘এই ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা হয়েছে। ইতোমধ্যে আমরা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’



