কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধা বাবাকে পিটিয়ে হত্যাকারী আনোয়ারুল কবির জন (৪৫) নামে এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জন কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার মৃত মুক্তিযোদ্ধা মীর এমদাদুল কবির মানিকের একমাত্র ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে কটিয়াদী পশ্চিমপাড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
চার বছর আগে জন তার বীর মুক্তিযোদ্ধা বাবা মীর এমদাদুল কবির মানিককে তার ঘরে তালাবদ্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। এ ঘটনায় সে জেলও খেটেছে। পরে জামিন নিয়ে সে বের হয়ে আসে।
কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, তালাবদ্ধ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।